আজ ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি মোছা. নাজমুন্নাহারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

বুধবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানিয়েছেন, আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেছেন। তবে, আসামিরা জামিনে গিয়ে পলাতক আছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে আনোয়ারুল ইসলাম আঙ্গুর, তার ভাই খুর্শিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আনোয়ারুল ইসলাম আঙ্গুরের সঙ্গে একই এলাকার আবুবকর সিদ্দিকসহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৬ সালের ১০ আগস্ট ভাই-ভাতিজাকে নিয়ে আনোয়ারুল ইসলাম আঙ্গুর নিজের মেয়ে মীরা আক্তার আসমাকে ছুরিকাঘাতে হত্যা করে তার লাশ বাড়ির পেছনের জঙ্গলে ফেলে রাখে।

পরদিন আঙ্গুর বাদী হয়ে আবুবকরসহ ১৬ জনের নামে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে আসমাকে হত্যার সঙ্গে তার বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুরসহ কয়েকজন স্বজনের জড়িত থাকার প্রমাণ পায়। ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়। ওই দিনেই করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত বাদী হয়ে নিহত আসমার বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুর, তার ভাই খুর্শিদ মিয়া, ভাতিজা সাদেক মিয়া ও আঙ্গুরের স্ত্রী মোছা. নাজমুন্নাহারকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category