আজ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে চল্লিশ লাখ ইউরো সহায়তা প্যাকেজ দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

মাইকেল মিলার বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে যাতে গণতান্ত্রিক নির্বাচনের আগে প্রয়োজনীয় পরিবর্তনের সহায়তা নিশ্চিত করা যায়। আমরা ২০২৬ সালের প্রথম দিকে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতির দিকে এগোচ্ছি। এই প্রক্রিয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করতে চার মিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দিচ্ছি।”

তিনি আরো বলেন, “ইইউ’র এই সহায়তা প্যাকেজের আওতায় নির্বাচন পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, নাগরিক পর্যবেক্ষণ জোরদারকরণ, অপারেশনাল পরিকল্পনা এবং বিরোধ নিষ্পত্তিসহ নানা ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে।”

রাষ্ট্রদূত বলেন, “আমাদের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধিরাও ছিলেন। তারা নির্বাচন বিশেষজ্ঞ, যারা নাগরিক পর্যবেক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিতে কাজ করবেন। আমরা নির্বাচন কমিশনকে স্বাধীনতা, দক্ষতা এবং জবাবদিহিতার ভিত্তিতে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর।”
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পরিকল্পনা, বিরোধ নিষ্পত্তির মত বিষয়গুলো ঘিরে নির্বাচন কমিশনের কার্যকারিতা বৃদ্ধির চেষ্টা করবে এবং তারা ‘ভোটার এডুকেশন’ এর ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানান মিলার।
সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category