এক সময় যাদের লড়াই মানেই উপমহাদেশের হৃদকম্পন। আজ তারা মুখ ফিরিয়ে চলেছে একে অপরের দিক থেকে! হ্যাঁ, বলছি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের কথা। মাঠের লড়াই এখন যেন রাজনীতির দাবার ছকে আটকে গেছে। ২০১৩ সালের পর থেকে আর কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি এই দুই দল। একের পর এক ব্যর্থ উদ্যোগ, সুর কষেছে বহুবার। কখনো নিরপেক্ষ ভেন্যু, কখনো ত্রিদেশীয় সিরিজ। কিন্তু সবই শেষমেশ থমকে গেছে এক বাক্যে ‘না, আমরা খেলব না!’
আর এবার ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের স্পষ্ট ঘোষণায়, সেই বন্ধ দরজায় পড়ে গেলো আরও একটি তালা। তারা জানিয়ে দিয়েছে, ‘দ্বিপাক্ষিক সিরিজ? কখনোই না!’ বহুজাতিক আসরে মুখোমুখি হওয়ায় আপত্তি নেই, কিন্তু নিজেদের মধ্যে কোনো আয়োজন? একেবারে অসম্ভব!
লাহোরে সাংবাদিকদের সামনে বিস্ফোরক ভাষায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ নিয়ে জানিয়ে দিলেন, ‘আর কোনো অনুরোধ নয়! এখন থেকে আলোচনা হবে সমতার ভিত্তিতে, চোখে চোখ রেখে।’
তিনি পরিষ্কার করে দিয়েছেন, ভবিষ্যতে ভারত-পাকিস্তান বৈঠক হলে তা হবে ‘সমান অধিকার’ মেনে। আর কেউ কারও কাছে হাত পাতবে না! ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মাঝেই আরেক বড় সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এশিয়া কাপে যাচ্ছে না দলের দুই তারকা, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তাদের। সবাই ভেবেছিল অভিজ্ঞতার কারণে অন্তত এবার জায়গা পাবে তারা। কিন্তু নির্বাচক প্যানেল ভরসা রেখেছে একদম নতুন মুখদের ওপর। ‘এক শতাংশও আমার ভূমিকা নেই দলে কার আসবে বা যাবে। পেশাদার নির্বাচক প্যানেল যা বলবে, সেটাই চূড়ান্ত। আমি শুধু বলেছি, যোগ্যতা দেখে সিদ্ধান্ত নাও।
সংবাদঃ সংগৃহিত
Leave a Reply