চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে ভয়াবহ চিত্র ধরা পড়েছে। স্থানীয়দের অনেককে রামদা ও কিরিচ দিয়ে শিক্ষার্থীদের কোপাতে দেখা গেছে।
এই ধরনের ঘটনার এক ভিডিওতে দেখা যায়, দুই শিক্ষার্থী তাড়া খেয়ে একটি ভবনের ছাদে উঠলে সেখানে তাঁদের ধরে ওই ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ভাড়া থাকেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরলে দারোয়ান গেট খুলতে চাননি। দীর্ঘক্ষণ চিৎকার-চেঁচামেচির পর একপর্যায়ে ছাত্রীকে থাপ্পড় দেন দারোয়ান। পরে অবশ্য গেট খোলা হয়।
পরে ওই ছাত্রী তাঁর কয়েকজন সহপাঠীকে ফোন দিলে তাঁরা গিয়ে দারোয়ানের ওপর চড়াও হন। তাঁরা দারোয়ানকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর মধ্যে খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী সেখানে জড়ো হন। একপর্যায়ে শিক্ষার্থীরা দারোয়ানকে ধাওয়া করলে স্থানীয়রা একত্র হয়ে ইটপাটকেল ছোড়া শুরু করেন।
তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে পোস্ট দিয়ে সকালে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
সংবাদঃ সংগৃহিত
Leave a Reply