আজ ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছে। সেই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বেড়ে ১ হাজার ৭২৮ টাকা দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় এপ্রিল মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১২ কেজি সিলিন্ডার কোম্পানি বা প্ল্যান্ট পর্যায়ে ১ হাজার ৬৩৩ টাকা ও পাইকারি পর্যায়ে ১ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হবে।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি ১৪০ দশমিক ২৯ টাকায় বিক্রি হবে, যা আগের মাসে ১০৭ টাকা ৯৯ পয়সা ছিল।

ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৭৯ দশমিক ৭৭ টাকায় সমন্বয় করা হয়েছে, যা আগের মাসে ৬১ টাকা ৮৩ পয়সা ছিল।

বিইআরসি চেয়ারম্যান জানান, এপ্রিল মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৭৮২ দশমিক ৫০ ডলার, যা আগের মাসে ৫৪১ দশমিক ৭৫ ডলার ছিল। সৌদির সিপি (কন্ট্রাক্ট প্রাইস) বৃদ্ধিকে এপ্রিলে এলপিজির দাম বাড়ার প্রধান কারণ হিসেবে দেখিয়েছে বিইআরসি।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category