গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে সোমবার (৪ আগস্ট) বিকেলে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।
মামলায় জাহাঙ্গীর আলম ও বর্তমান প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান খান।
সেসব অর্থ সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব খাত থেকে কৌশলে তুলে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এ টাকা আত্মসাৎ করেন।
এর মধ্যে রাজস্ব তহবিল থেকে ১৩৬ কোটি টাকা, টেন্ডার বাবদ ১২৮ কোটি টাকা, বিশ্ব ইজতেমা উপলক্ষে ৯ কোটি টাকা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ কোটি টাকা, উন্নয়ন তহবিল থেকে রাজস্ব তহবিলে স্থানান্তরের নামে ৯৯৯ কোটি টাকা, রাস্তা প্রশস্তকরণের নামে ৭২ কোটি টাকা, মাস্টাররোলকর্মী ও করোনা খাতে ভুয়া বিলের মাধ্যমে প্রায় শত কোটি টাকা, এমনকি হাট-বাজার ইজারা ও ট্রাফিক নিয়োগ খাতেও অসংখ্য অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ি শাখায় ভুয়া হিসাব খুলে ২ দশমিক ৬ কোটি টাকা উত্তোলন করা হয়, জাতীয় নির্বাচনের আগেও চেকের মাধ্যমে ১৩ কোটি টাকা তোলা হয়, মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের বেতন দেখিয়ে আরও কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়। এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্ত করে অপরাধ সংশ্লিষ্ট সব প্রমাণ ও তথ্য যাচাই শেষে এজাহার প্রস্তুত করা হয়। প্রাথমিক তদন্তে ২৩টি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত কোটি টাকার কাজ দেখিয়ে বিল উত্তোলনের তথ্য মিলেছে, যা আদতে সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বলেন, “মামলার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংগৃহীত সংবাদ
Leave a Reply